ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে নারীসহ ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল জব্দ

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে অভিযান চালিয়ে নারীসহ দুই অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

গত শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি তথ্যপ্রযুক্তি নির্ভর মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কয়েরদাঁড়া গ্রামের হাবিবুর আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ (৩৪) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা গ্রামের মৃত এনদাদুল হকের মেয়ে খুশি আক্তার (৩০)। তারা দুজনই বর্তমানে বালিয়াপুকুর ছোট বটতলা গ্রামে মোমিন আহমেদের বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আসামিদের হেফাজত থেকে জব্দ করা মোবাইল দুটি তল্লাশি করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং যুক্ত ৫টি সিম কার্ড, ১৩টি জিমেইল আইডি এবং ১৭টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের উপস্থিতি পাওয়া গেছে।

এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মহানগরীতে অনলাইন জুয়া বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।