ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার ভোরে জেলার গোদাগাড়ী ও রাজশাহী নগরীর সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ২০ বোতল ভারতীয় জেডি মদ এবং ৪৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট।

বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার ভোরে বিজিবির একটি দল গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশের বাঁশবাগানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে। একই রাতে নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার মাজারদিয়া সীমান্ত থেকে আরও ৫ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

অন্যদিকে, চারঘাটের চক মুক্তারপুর এলাকায় ইউসুফপুর বিওপির অভিযানে ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আমবাগান থেকে চারঘাট বিওপির অপর এক অভিযানে ৩৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও চোরাচালানের মালামাল সংশ্লিষ্ট থানা ও কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।