ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী অঞ্চলে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে পদ্মা’র পানি

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে প্রথম দিন উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দুই দিন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ আশপাশের উজানে মাঝারি-ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি বেড়েছে, আর পদ্মা নদীর পানি স্থিতিশীল ছিল।

তবে আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মার পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। অবশ্য এই সময়ে নদী দুটির পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে। অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিনও এই অবস্থা বজায় থাকতে পারে।

আঞ্চলিক নদ-নদীর মধ্যে উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় অপরিবর্তিত ছিল। আগামী এক দিন এই নদীগুলোর পানি কিছুটা কমলেও পরবর্তী দুই দিন তা আবার বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

তবে তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন তা স্থিতিশীল থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বৃদ্ধির প্রবণতায় রয়েছে, যা আরও এক দিন অব্যাহত থেকে পরবর্তীতে স্থিতিশীল হতে পারে।

বিপরীতে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং তা আগামী দুই দিন পর্যন্ত কমার ধারায় থাকতে পারে। বর্তমানে দেশের কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে না জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, মৌসুমি বৃষ্টির প্রভাবে নির্দিষ্ট কিছু নদীর পানি ওঠানামা করতে পারে।

এদিকে পৃথক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বর্ষাকাল অক্টোবর মাসের প্রথম বা মাঝামাঝি সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। সে হিসেবে বর্তমানে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হলেও এতে ভ্যাপসা গরমের তীব্রতা থেকে জনজীবনে স্বস্তি মিলবে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে বর্তমানে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী ৯ সেপ্টেম্বর তা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।