সীমান্তে অস্ত্র নয়, জীবিকার প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রজনন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হবে।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। তাঁদের দেখে গোদাগাড়ীর অন্য যুবকরাও উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি। প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের জন্য বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের আগ্রহ ও সরকারি সহযোগিতা পাওয়া গেলে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী এলাকার বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে বৈধ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে খামার গড়ে তুলে আয় করতে পারবেন।











