ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

পাওনা টাকার বিরোধে কৃষককে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:30 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক, একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

মামলার নথি সূত্রে জানা যায়, কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে পাশের চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিকের বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের সূত্রে ছানোয়ারের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন হীরা মানিক। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে ছানোয়ার হোসেনকে ডেকে নিয়ে যান হীরা মানিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ছানোয়ারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।