ঢাকা | অগাস্ট ২২, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

রাকসুর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ ছাত্রদলের তীব্র বিক্ষোভ

  • আপডেট: Friday, August 21, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিলের অর্থ অনিয়ম ও আত্মসাতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাকসুর অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা রাকসু নেতৃত্বের অনিয়ম ও টাকা চুরির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও অন্যান্য নেতারা অভিযোগ করেন, রাকসুর প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা উত্তোলনের বিপরীতে অর্ধেকেরও বেশি (প্রায় ৬১ লাখ ৫০ হাজার টাকা) অর্থ খরচের কোনো দৃশ্যমান ভাউচার বা হিসাব জমা হয়নি।

উদাহরণ টেনে তারা বলেন, বিশ্বকাপে এলইডি স্ক্রিন বসাতে যেখানে ছাত্রদলের ৫০ হাজার টাকা খরচ হয়েছিল, সেখানে রাকসু ৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয় দেখিয়েছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে আত্মসাতকৃত অর্থ উদ্ধারের দাবি জানান তারা।