ট্রাফিক সংকেত অমান্য করে পুলিশকে চাপা দেয়ার চেষ্টা, যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালানো শফিউল আলম পাভেল (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীরামপুর মোডের নভোথিয়েটার পার্কের সামনে আরএমপির নিয়মিত চেকপোস্টে ঘটনাটি ঘটে। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় রাণীনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।
অভিযুক্ত পাভেল পাবনা জেলার সুজানগর থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন রাণীনগরে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন একটি হাংক-১৫০ সিসি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে পাভেল বেপরোয়া গতিতে ট্রাফিক সার্জেন্ট ও সঙ্গীয় কনস্টেবলকে চাপা দেয়ার চেষ্টা করেন। এতে এক পুলিশ সদস্য আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় রাজপাড়া থানায় ট্রাফিক সার্জেন্ট বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত পাভেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।











