বিএসটিআইয়ের অভিযানে দুই প্রসাধনী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বিএসটিআইয়ের অনুমোদন ও ছাড়পত্র ছাড়া প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘কুইন্স পার্ক’ ও ‘কেসি বাজার’ নামে দুটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের প্রমাণ মেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











