তানোরে কালীমাতার দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ
তানোর প্রতিনিধি: তানোর উপজেলার শিবরামপুর এলাকায় কালীমাতার নামে রেকর্ডভুক্ত দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা এবং সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, তানোর উপজেলার শিবরামপুর মৌজায় কালীমাতার নামে প্রায় ৫ একর ৪ শতাংশ জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত রয়েছে। ওই সম্পত্তির একটি অংশ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ভোগদখল করে আসছেন। একই এলাকায় কালীমাতার মন্দিরে নিয়মিত পূজা-অর্চনাও হয়ে আসছে।
অভিযোগে বলা হয়েছে, শিবরামপুর মৌজার সিএস খতিয়ান নম্বর ১৩৭ ও ১৩৮ এবং আরএস খতিয়ান নম্বর ১২৩-এ সংশ্লিষ্ট জমির তথ্য রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন সময়ের ভূমি রেকর্ডে এসব সম্পত্তিকে দেবোত্তর হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সেবায়েত ও জিম্মাদারদের নামও বিভিন্ন রেকর্ডে রয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ সম্প্রতি একটি পক্ষ সেবায়েতদের ওয়ারিশদের কাছ থেকে ওই সম্পত্তি কেনার দাবি করে জমির দখল নেওয়ার চেষ্টা করছে। এর ফলে জমিতে বসবাসকারী কয়েকটি হিন্দু পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১৬ আগস্ট রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন শিবরামপুর কালীমাতা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীরা সংশ্লিষ্ট জমির রেকর্ড ও দলিলপত্র যাচাই-বাছাই, সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।











