ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর চরে ৩০ গবাদিপশুর মৃত্যু, টিকা দেয়া হচ্ছে ৮ হাজার পশুকে

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: সিমান্তের চরে হটাৎ করে বাদলার প্রাদুর্ভাবে ৩০ গবাদিপশুর মৃত্যু হয়েছে। এতে করে চরে গরুর খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে চরের ৮ হাজার পশুকে টিকার আওতায় আনতে কাজ করছে প্রানীসম্পদ বিভাগ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবত পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে পবার চর মাঝারদিয়াড়, চর খানপুরে গবাদিপশুর খামারে দেখা দেয় বাদলা রোগ। ব্যাকটেরিয়া জনিত এই রোগে সাধারনত অল্প বয়সের গরু-মহিষ আক্রান্ত হয়। ছোয়াচে এই রোগে আক্রান্ত পশুকে তাড়াতাড়ি চিকিৎসার আওতায় না আনলে তার মৃত্যু হতে পারে। চরের খামারিরা জানান, ইতিমধ্যে তাদের প্রায় ৩০টি গরু-মহিষের মৃত্যু হয়েছে। চরের খামার গুলোতে প্রায় ৮/১০ হাজার গরু-মহিষ থাকায় তাদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

খামারিরা বলছেন, পানি বৃদ্ধির পর থেকে পদ্মা নদী দিয়ে অনেক মৃত গরু-মহিষ ভেসে যাচ্ছে। নদীর পানি ও নদী পাড়ের ঘাস খাবার ফলে তাদের পশুর শরীরে এই ছোয়াচে রোগ ছড়াতে পারে বলে তারা মনে করছেন। এছাড়াও খামারিরা প্রানীসম্পদ বিভাগের পরামর্শে তাদের মৃত পশুগুলোকে মাটি খুড়ে পুতে ফেলছেন।

এদিকে চরে অসুখে গবাদিপশুর মৃত্যুর খবর পেয়ে গত মঙ্গলবার চর মাঝারদিয়াড়ে যান পবা প্রানিসম্পদ বিভাগের ভ্যাটারেনারী সার্জন ডাক্তার সোহরাব হোসেনের নেতৃত্বে একটি টিম। তারা চরের খামারিদের সাথে কথা বলে অসুস্থ্য গরুর চিকিৎসা দেন এবং এই রোগ ছড়িয়ে পড়ার কারন অনুসন্ধান করেন। এসময় তাদের সাথে ছিলেন যুবদল নেতা সাহেব জাদাসহ স্থানিয় বিএনপি নেতৃবৃন্দ।

এবিষয়ে পবা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ বলেন, খবর পাওয়ার পর সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে। গতকাল বুধবার থেকে চরে বাদলার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এছাড়া অসুস্থ্য গরুকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে চরের সকল পশুকে ভ্যাকসিন দেয়া হবে। তিনি আতংকিত না হয়ে খামারিদের সতর্ক হবার পরামর্শ দেন এবং সকল খামারিকে পশুর ভ্যাকসিন দেবার জন্য বলেন। এছাড়াও তিনি পশুকে নদীর পানি এবং নদী পাড়ের ঘাস না খাওয়ানোর জন্য খামারিদের পরামর্শ দেন। তিনি বিষয়টি জেলা প্রানীসম্পদ অফিসসহ সকলকে অবগত করেছেন বলে জানান।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, চরের গবাদীপশুর বাদলা রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকল পশুকে টিকা দেয়া হচ্ছে। এছাড়া চরে এই রোগ ছড়িয়ে পড়ার কারন অনুসন্ধানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠনো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে রোগ ছড়িয়ে পড়ার কারন। তিনি খামারিদের আতংকিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন।