ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

বিশ্ব আলোকচিত্র দিবসে বিপিজেএ’র আলোচনা সভা

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কাদিরগঞ্জে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বিপিজেএ রাজশাহী শাখার সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ ফটোসাংবাদিক ফরিদ আক্তার পরাগ বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য এবং ফটোসাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ছবি শুধু একটি মুহূর্তকে ধারণ করে না; বরং তা সময়ের ইতিহাস, সমাজের বাস্তবতা ও মানুষের জীবন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে। এ সময় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ফটোসাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি সামাদ খান, সহ-সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং প্রাক্তন সভাপতি জাবীদ অপু। এছাড়া সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেলও বক্তব্য দেন।

সভায় উপস্থিত ফটোসাংবাদিকরা পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদচিত্র ধারণ এবং ফটোসাংবাদিকতার মর্যাদা ও মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিবছর ১৯ আগস্ট বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব আলোকচিত্র দিবস’ পালিত হয়।