ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

শিবগঞ্জ ও সিরাজগঞ্জে সড়কে ঝরলো ৬ প্রাণ

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই সড়কে মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন এবং সিরাজগঞ্জের ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালক ও এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার পাটধারী বাজার এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে আসাদ (২১) ও একই এলাকার জাফর আলীর ছেলে জাবির আলী (২০) এবং পিকআপভ্যানের চালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা এবং দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই সড়কে মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টার দিকে মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুজন নিহত হন।

এরপর দুপুর দেড়টার দিকে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুজন নিহত হন। দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন আসাদ (২১) ও জাবির আলী (২০)। নিহত আসাদ শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে। জাবির আলী একই এলাকার জাফর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আসাদ ও জাবির মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ নিহত হন। গুরুতর আহত জাবির আলীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টাকশালদিঘি এলাকার একটি নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু হায়াত (৩৫) ও একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে  হাবিব (১৮) নিহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার পাটধারী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপভ্যানের চালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা এবং দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় তিন ঘণ্টা পর সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক কিশোর কুমার জানান, ভোরে শাহজাদপুরগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা দুধ বিক্রেতা সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তিনি বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে খবর দেয়া হলেও সময়মতো হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। আহত চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলে তাকে বাঁচানো সম্ভব হতো পারে বলে দাবি করেন তারা। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিহতের লাশ সড়কে রেখে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়। এতে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।