রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স। এই ভাষা শিক্ষার মাধ্যমে স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, প্লেসমেন্ট, ইন্টার্নশিপ এবং সরাসরি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত এক জাপানি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানির সিইও কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হামিং বার্ড-এর পরিচালক ইউতা সিগেমরি এবং ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো। মতবিনিময়কালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতেই এই উদ্যোগ। এর ফলে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে রাবির সম্পর্ক আরও দৃঢ় হবে।
বৈঠকে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য প্রফেসর রেজাউল করিম-২, আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সিসিডিসি-র পরিচালক প্রফেসর নূরুল মোমেন এবং আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর হাসনাত কবীর উপস্থিত ছিলেন।











