ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

রামেক হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম হওয়ায় তাদের ওজন প্রত্যাশিত মাত্রায় নেই। বর্তমানে নবজাতকদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতকদের মা তিশা খাতুন রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী নয়ন ইসলাম। গত সোমবার প্রসব বেদনা উঠলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বাচ্চা চারটির ওজন ১ কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রামের মধ্যে, যা স্বাভাবিক ওজনের (দেড় থেকে দুই কেজি) চেয়ে কম। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়ায় তাদের শারীরিক অবস্থা শতভাগ ঝুঁকিমুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য তাদের শিশুদের স্ক্যানু (ঝঈঅঘট) ইউনিটে স্থানান্তর করা হচ্ছে।

সন্তানদের জন্য দোয়া চেয়ে বাবা নয়ন ইসলাম বলেন, আল্লাহ আমাকে একসঙ্গে দুটি ছেলে ও দুটি মেয়ে দিয়েছেন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং বড় হয়ে ভালো মানুষ হয় এটাই আমার প্রার্থনা।