ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরি, তদন্ত কমিটি গঠন

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে জুড়ে দেয়া ওয়াগন থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অন্তত সাতজন। চুরির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরগতিতে চলার সুযোগে কয়েকজন যুবক ওয়াগন থেকে জগ দিয়ে তেল তুলে জারে ভরে নিচে নামিয়ে দিচ্ছে। মাত্র তিন মিনিটের যাত্রাবিরতির সময় এ চুরি শুরু হয় এবং ট্রেনটি চলন্ত অবস্থায়ও তাদের তেল নিয়ে নামতে দেখা যায়। তবে কতটুকু তেল চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ার কারে তেল দেয়ার জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেয়া শেষে দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে জুড়ে দিয়ে ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় এটি হরিয়ান স্টেশনে যাত্রা বিরতি দেয়।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। হরিয়ান বাজারের এক ব্যক্তি এ চুরি করা তেল কেনেন। যোগাযোগ করা হলে অভিযুক্ত ওয়েম্যান কিরন আলী দাবি করেন, তেল নেওয়ার ঘটনায় তার মতো দেখতে ছোট ভাই নয়ন ছিলেন এবং তিনি নিজে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কর্মরত ছিলেন।

হরিয়ান রেলওয়ে স্টেশনের মাস্টার আরিফ হোসেন জানান, পাবনা থেকে ঢালারচর এক্সপ্রেসের ক্রসিং নিয়ে ব্যস্ত থাকার সময় তিন মিনিটের যাত্রাবিরতিতে এ ঘটনা ঘটে। এগুলো দেখভালের দায়িত্ব আরএনবি ও রেলওয়ে পুলিশের।

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, ঘটনাটি খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জগদীশ রবিদাস