রাকসু ভবনে হামলার অভিযোগে মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কার্যালয়ে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের পক্ষে সালাহউদ্দিন রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলী আদালতে এই আবেদন করলে তার প্রেক্ষিতে আদালত অভিযোগটির তদন্তভার পিবিআইকে দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনাস, সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের আজহারুল ইসলাম।
এজাহারে বলা হয়, গত ২৭ জুলাই দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা রাকসু ভবনের ২০২ নম্বর জিএস কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে গালিগালাজ ও ভাঙচুর চালায়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে আনাস ও মাহিন লোহার রড ও লাঠি দিয়ে নাজমুস সাকিব ও মাহিন মেহেদীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে।
মামলার বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার জানান, সহযোগীদের ওপর হামলার ঘটনায় আইনি সচেতনতার অংশ হিসেবে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১ সহ বিভিন্ন ধারায় এ মামলাটি করা হয়েছে।











