অনার্সের দুই বছর রাবিতে, বাকি দুই বছর জাপানে পড়ার সুযোগ
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবিত ‘২+২’ একাডেমিক প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা চার বছর মেয়াদি অনার্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
গত রোববার বেলা ১১টায় ঢাকার বনানীর হোটেল আমারি-তে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত একাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে শেষ দুই বছর পড়াশোনা করবেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পর শিক্ষার্থীরা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সনদ অর্জন করবেন।
জাপানি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা। এ সময় রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগ প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত ‘২+২’ একাডেমিক প্রোগ্রামটি আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের একাডেমিক অভিজ্ঞতা অর্জনের পথ সুগম করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের আরও দক্ষ করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।











