ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই ও জুলাই জিয়াফত অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, August 15, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নাম দিয়ে একটি গরু জবাই করে ‘জুলাই জিয়াফতের’ আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই ভোজের আয়োজন করা হয়। গুগল ফর্মের মাধ্যমে আবেদন নেওয়া প্রায় সাড়ে সাতশত শিক্ষার্থী এই ভোজের আয়োজনে অংশ নেন।

এর আগে গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভোজের ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, বাকশাল পতনের ঐতিহাসিক দিন এবং জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।

আয়োজনটি রাকসুর ব্যানারে হলেও একাধিক প্রতিনিধি এতে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেন, এই আয়োজনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং শিক্ষার্থীদের স্বার্থে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান। শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফও এই খরচের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার দাবি করেন, শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচার করা হলেও পরে সব সদস্য একমত না হওয়ায় এক ভাইয়ের উপহার দেওয়া গরুতে ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়েছে; এর সাথে রাকসুর প্রাতিষ্ঠানিক তহবিল জড়িত নয়।