ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কৃষি সচিবের

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: দেশে সারের কোনো বাস্তব সঙ্কট নেই এবং পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও যদি কেউ কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব সেলিম খান।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাঠ পর্যায়ের সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

কৃষি সচিব বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতাহার অনুযায়ী কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করা। সার বিতরণ ব্যবস্থায় কোনো কর্মকর্তার অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে তাকে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হতে হবে এবং বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনোভাবেই যেন এমন তথ্য না আসে যে, কোনো কৃষি কর্মকর্তা কৃত্রিম সঙ্কট তৈরির সাথে জড়িত।

সারের পর্যাপ্ততা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, সরকারি গুদামে সারের মজুত পর্যাপ্ত এবং সিন্ডিকেট দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রয়োজনে সাংবাদিকরা সরকারি গোডাউন ও ব্যবসা কেন্দ্রগুলো পরিদর্শন করে মজুতের সত্যতা যাচাই করতে পারেন। কোনো এলাকায় সারের বাড়তি চাহিদা থাকলে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ দেয়ার সুযোগ রয়েছে।

ভর্তুকির বিষয়ে আলোকপাত করে সচিব বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপ থাকা সত্ত্বেও কৃষকের কল্যাণে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ডিএপি সারে ৮৯ টাকা এবং ইউরিয়া সারে ৩৫ টাকা ভর্তুকি প্রদান করা হচ্ছে।

ডিলারদের উদ্দেশে তিনি বলেন, সরকার জনকল্যাণে কাজ করছে এবং ব্যবসায়ীদের উচিত সরকারকে সহায়তা করা, যাতে সাধারণ কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। ডিলারদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের কমিশন কেজি প্রতি ২ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, প্রশাসন, কৃষক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল সার ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুর রহিম। এছাড়া সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসির কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি, সার ডিলার, বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।