রাজশাহীর লক্ষ্মীপুরে ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটককৃতরা হলেন-মোসা. জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তার স্বামী মো. আসাদুজ্জামান (৩৮)। তারা লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড এলাকার বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় ডিএনসি রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ-পরিদর্শক আল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের ভাড়া বাসা থেকে দুটি পৃথক প্যাকেটে মোট ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দম্পতির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছে।











