শিবগঞ্জে ফুটপাতে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুত্বর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। এ সময় ৯ শিক্ষার্থী টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খায়।
এতে সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে ও দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি গুরুতর আহত সাতজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
অভিভাবকরা জানান, অনেকে এ খাবার খেয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, খাদ্যে ভেজাল থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। অসুস্থ হওয়ার পরপরই হাসপাতালে নেয়া হয়েছে শিক্ষার্থীদের। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা অবলম্বন করা হবে বলে জানান তিনি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।











