ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বদলগাছী চৌরাস্তায় গোলচত্বর নির্মাণের দাবিতে অবরোধ

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:03 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী চৌরাস্তা সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে সেখানে দুই ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়ে তারা দ্রুত রাস্তার কাজ শুরু ও জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুমিনুল হক মুন্না, আবু জর গিফারি, আসাদুজ্জামান ভুট্টু ও টুটুল।

বক্তারা বলেন, বদলগাছীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হলেও কাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে কাজ বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগও বাড়ছে।

বক্তারা সড়ক প্রশস্তকরণের পাশাপাশি বদলগাছী চৌরাস্তার মোড়ে পরিকল্পিত গোলচত্বর নির্মাণের দাবি জানিয়ে বলেন, এতে যানজট কমার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। দুই ঘণ্টার অবরোধ চলাকালে চৌরাস্তা এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ১২টায় কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।