মান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কমিউনিটি ফ্যাসিলিটেটর, পিয়ার লিডারসহ সংশ্লিষ্ট নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। প্রশিক্ষণে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর সামাজিক চর্চা মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি শিশু ও নারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কীভাবে কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।











