ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

পবায় অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় মাদ্রাসার ফটকের সামনে থেকে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার চার দিন পর পবার শিতলাই ভবানীপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় তরিকুল ইসলাম জয় (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

কিশোরীর বাবা বাদী হয়ে দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় জয় ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীটি দামকুড়া থানার শিতলাই রফাতুল্লাহ সিনিয়র আলীম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। গত ৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে সে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।

সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার ফটকের সামনে থেকে তরিকুল ইসলাম জয় কিশোরীটির হাত ধরে টেনে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। কিশোরীকে খুঁজে না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার কাছে মুঠোফোন না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কিশোরীর বাবার অভিযোগ, মাদ্রাসায় যাওয়া-আসার পথে জয় তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়ে তাঁকে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। তিনি আরও বলেন, ‘মেয়েকে মাদ্রাসায় পাঠানোর পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবিনি। মেয়ের খোঁজ না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। পরে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। এখন ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা চাই।’

এবিষয়ে দামকুড়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, মামলাটি তদন্তাধীন। কিশোরীর বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলাম জয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই দিন শিতলাই ভবানীপুর এলাকা থেকে কিশোরীটিকেও উদ্ধার করা হয়।