ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

জুলাইয়ের আকাক্সক্ষা পূরণে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য জরুরি

  • আপডেট: Monday, August 10, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা। তারা বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাইয়ের প্রকৃত আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হবে।

গত শনিবার বিকেলে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের মধ্যে অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জবাবদিহি নিয়ে নতুন প্রত্যাশার সৃষ্টি হওয়া। এই প্রত্যাশাকে টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি আইনের শাসন ও রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিকদের দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। গুজব ও অপতথ্য থেকে জনগণকে রক্ষা করার পাশাপাশি রাজনৈতিক পক্ষপাত এড়িয়ে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম এবং সরকারের সাফল্য-ব্যর্থতার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। তারা বলেন, ক্ষমতাসীন কিংবা বিরোধী কোনো পক্ষের চাপের কাছে সাংবাদিকদের নতি স্বীকার করা উচিত নয়। সাংবাদিকদের স্বাধীন, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমকে জনগণের অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহির অন্যতম প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আরইউজের সাবেক সভাপতি, গবেষক ও সাংবাদিক সরদার আবদুর রহমান, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী ও আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও বক্তব্য দেন আরইউজের নির্বাহী সদস্য দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের সংস্কার, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় পেশাজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও নৈতিকতাকে জাতীয় স্বার্থে কাজে লাগাতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি কার্যকর, জনবান্ধব ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।