ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট: Sunday, August 9, 2026 - 10:43 pm

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বেড়া পৌর যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় পালাতক যুবলীগ নেতা সোহেল রানাকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৪ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার রাতে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন। এর আগে শনিবার বেলা ১১টার দিকে বেড়া উপজেলা সদরের থানাপাড়া এলাকার স্টেডিয়ামের কাছে অভিযান চালায় পুলিশ।

এ সময় দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার স্বজন ও কর্মী-সমর্থকেরা পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। সোহেল রানা বেড়া পৌর এলাকার শম্ভুপুর-কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার বলেন, সরকারি কাজে বাধা দেয়া এবং পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।