স্ট্রোক করা রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে নেয়া হয়। জানা গেছে, গত শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইমন। তার সহপাঠীরা জানান, ঘুমের মধ্যে তিনি খাট থেকে পড়ে যান এবং শরীর শক্ত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে শিক্ষক ও চিকিৎসকরা তাকে রামেকে আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা করেন। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সড়ক পথের ঝুঁকি এড়াতে তাকে আকাশপথে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। বর্তমানে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকদের পরামর্শে সড়ক পথের ঝুঁকি এড়াতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। সাইমন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, সে জন্য দেশবাসী ও শিক্ষার্থীদের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি।











