ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়া মান্দা ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • আপডেট: Sunday, August 9, 2026 - 10:40 pm

সোনালী ডেস্ক: পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ, মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী এবং বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

পুঠিয়া প্রতিনিধি জানান, পুঠিয়ায় রাস্তা পার হওয়ার সময় মালবোঝাই পিকআপের ধাক্কায় আব্দুল আউয়াল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল পুঠিয়া উপজেলার কান্দ্রা দুদুর মোড় এলাকার মৃত আবতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, সকালে ত্রিমোহনী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল আউয়াল। এ সময় একটি মালবোঝাই পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাঁকে রামেক হাসপাতালে নেয়ার জন্য রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

মান্দা প্রতিনিধি জানান, মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। নিহত শাহজাহান আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান শাহজাহান আলী। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। গতকাল রোববার ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে যায়।

রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে দুজন নিহত ও দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।