ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় নাটোরে ৪, সিরাজগঞ্জে ২ জন নিহত

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:22 pm

সোনালী ডেস্ক: গতকাল শনিবার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে ৪ জন এবং সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস চালকসহ নিহত ২ নিহত হয়েছে।

নাটোর প্রতিনিধি জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত) ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্শ্ববর্তী বড়াইগ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে ওই গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার এসআই রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল।

এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুই জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।