ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম, চড়া ডিমের বাজার

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: টানা এক মাসের বৃষ্টি ও বন্যার প্রভাবে ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে রাজশাহীর বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে ১০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম কমেছে, যা নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে সবজির বাজার কমতির দিকে থাকলেও চড়া রয়েছে ডিমের দাম।

শনিবার সকালে নগরীর সাহেববাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে কাঁচামরিচ ১৮০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা এবং ফুলকপি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, কচুর লতিসহ অধিকাংশ সবজি এখন ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। গাজর ১০০ টাকা ও টমেটো ৯০-১০০ টাকা কেজিতে নেমে এসেছে।

ক্রেতারা জানান, কিছুদিন আগেও যে সবজি ৮০-৮৫ টাকায় কিনতে হতো, তা এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সাহেববাজারের তুলনায় পদ্মা আবাসিক এলাকায় সবজির দাম কিছুটা বেশি (কেজিতে প্রায় ৬০ টাকা) এবং খড়খড়ি বাজারে আরও কম (৩০ টাকা) দামে বিক্রি হতে দেখা গেছে। সবজির দাম কমলেও ডিমের বাজারে উল্টো চিত্র দেখা গেছে।

গত সপ্তাহে ফার্মের লাল ডিম হালিপ্রতি ৪৪ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। হাঁসের ডিম ৭০ টাকা ও দেশি মুরগির ডিম ৭৫-৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি ২৫০-২৬০ টাকা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাছের বাজার পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে।