ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাবার কাছে থেকে শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:04 pm

বাগমারা প্রতিনিধি: মায়ের কোল থেকে দুই বছরের শিশু সন্তানকে নিয়ে উধাও হয়ে গেছেন এক পাষণ্ড বাবা। এই ঘটনায় ওই পাষণ্ড বাবার কবল থেকে নিজের শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মা মোছা: জান্নাত। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকাস্থ একটি বেকারী কারখানায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের জনৈক সাদেক আলী ও তার প্রথমা স্ত্রী তাসলিমা বেগম ছিলেন নি:সন্তান দম্পত্তি। এ কারণে ওই নি:সন্তান দম্পত্তি সন্তানের আশায় ঢাকাস্থ একটি পোশাক কারখানায় কর্মরত বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার গোপাল সরকারের মেয়ে লিলি সরকারকে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তাব দেন। ওই নি:সন্তান দম্পত্তির অনুরোধে লিলি সরকার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে মোছা: জান্নাত রাখা হয়।

এরপর প্রথম স্ত্রীর অনুমোতিতে সাদেক আলীর সঙ্গে তিন বছর পূর্বে মোছা: জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। তার নাম রাখা হয়  আব্দুর রহমান তাহাসিন। বয়স এখন দুই বছর। কিন্তু সন্তান হওয়ার পর থেকেই ওই নি:সন্তান দম্পতি মোছা: জান্নাতের কোলের সন্তান কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তার ওপর অত্যাচার ও নির্যাতন শুরু করে। স্বামী ও সতীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মোছা: জান্নাত তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। এর কয়েক দিন পর সাদেক আলীও শ্বশুর বাড়িতে এসে নিজের ভূল স্বীকার করে স্ত্রী ও সন্তানের সঙ্গে শ্বশুরালয়ে বসবাস শুরু করেন।

গত বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে চুল কাটার কথা বলে সাদেক আলী মায়ের কোল থেকে শিশু সন্তান আব্দুর রহমান তাহাসিনকে নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকেই সন্তানকে ফিরে পাওয়ার আশায় হতভাগা মা জান্নাত তার স্বামী সাদেক আলীর ব্যবহৃত ০১৯৫০-৪৪৬৪৫০ নম্বরে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করা হয়নি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসআই জহিরুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে।