ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চারঘাটের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:07 pm

চারঘাট প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাজশাহীর চারঘাট উপজেলা ফুটবল (বালিকা) দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ চ্যাম্পিয়ন দলের চারঘাট উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চারঘাটের বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আমাদের মেয়েরা সুযোগ পেলে তারাও দেশের জন্য বড় অর্জন বয়ে আনতে পারে। তাই খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। চারঘাটের এই চ্যাম্পিয়ন দল ভবিষ্যতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।