ঢাকা | অগাস্ট ২, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: শিশুদের গাছের প্রতি ভালোবাসা এবং বৃক্ষায়নে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। আলোচনা সভা শেষে তিনি শিশু একাডেমি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। সেই লক্ষ্যে শিশু একাডেমি কাজ করে যাচ্ছে। তিনি শিশু একাডেমির সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শহরের পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আড়াই লাখ চারা রোপণের কাজ চলছে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তিনি নগরবাসীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার পাশাপাশি ড্রেনে ময়লা না ফেলার জন্য আহ্বান জানান।

রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতগুরু শ্রী মঞ্জুশ্রী রায়, রাজশাহী শিশু একাডেমির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির সাক্ষাৎ: এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বগুড়া জেলা সমিতি, রাজশাহী’র নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বগুড়া জেলা সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক মো. শামীম আহসান, সহ-সভাপতি ড. হাবিবা হায়দার লিচু ও প্রিন্সিপাল গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রেজা, এ বি সিদ্দিক, শাহীন আখতার, এ টি এম ফরহাদ হোসেন ও আব্দুর রাজ্জাক এবং কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা রাজুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস