ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

তিন দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: তিন দিনের সরকারি সফরে শনিবার (১ আগস্ট) সকালে রাজশাহী পৌঁছাবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সরকারি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। এরপর তিনি রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় এবং বিকেলে রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উৎসবের প্রস্তুতিমূলক সভায় অংশ নেবেন।

রোববার তিনি সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস (পুলিশ) শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিন সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে আগামী সোমবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।