ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:15 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: সাপের কামড়ের পর হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়ে সময় নষ্ট করায় প্রাণ হারালেন লতা খাতুন (৪০) নামের এক গৃহবধু। আবারও কুসংস্কার আর অসচেতনতার বলি হলেন নাটোরের লালপুরের এই গৃহবধূ।

গত বুধবার বিকেলে উপজেলার জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লতা খাতুন ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাইদুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় লতা খাতুনকে একটি অজ্ঞাত সাপ কামড় দেয়। স্বামী বাড়িতে না থাকায় তিনি নিজে সচেতনতাবশত পায়ে বাঁধন দিয়ে বিষ ছড়ানো আটকানোর চেষ্টা করেন।

কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরিবর্তে ডেবরপাড়া এলাকার এক ওঝার বাড়ি নিয়ে যান। ওঝার বাড়িতে দীর্ঘক্ষণ ঝাড়ফুঁকের চেষ্টা চালানো হয়। এতে রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়লে রাত সোয়া ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, সময়মতো হাসপাতালে এনে অ্যান্টিভেনম দিলে হয়তো গৃহবধূকে বাঁচানো সম্ভব হতো।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।