রাবি কর্মকর্তার মৃত্যু বীমা দাবি পরিশোধ ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদ কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার নূরে আলম সিদ্দিকীর মৃত্যুর পর তাঁর বীমা দাবির নগদ অর্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মরহুমের পরিবারের জন্য নির্ধারিত ১০ লাখ টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিমের নিকট উক্ত বীমা দাবির চেকটি তুলে দেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক কার্তিক পান্ডে। এ সময় অনুষ্ঠানে মরহুম নূরে আলম সিদ্দিকীর স্ত্রী (বীমা দাবির মনোনীত প্রতিনিধি) এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম নূরে আলম সিদ্দিকী গত ৭ জুন ২০২৬ তারিখে চিকিৎসা চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান: এদিকে, একই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রসায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির উপস্থিতিতে কৃতি এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরির আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে এবং রসায়ন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য প্রফেসর হাসান আহমদ এবং বিজ্ঞান অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর সাহেদ জামান।











