মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদার
স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমে জলজট নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং নাগরিক দুর্ভোগ কমাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ড্রেন থেকে কাদামাটি, পলি ও আবর্জনা অপসারণ কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন পরিষ্কারের পাশাপাশি ঝোপঝাড় ও আগাছা অপসারণের কাজ সম্পন্ন হয়। একই সাথে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে নাগরিকদের বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর, গ্রেটার রোড সংলগ্ন এলাকা এবং পদ্মা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে কাদামাটিতে ভরাট হয়ে থাকা ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হয়ে এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে আশা করছে রাসিক কর্তৃপক্ষ।
রাসিক সূত্রে জানা গেছে, নগরকে আধুনিক, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, ড্রেন পরিষ্কার এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম পলাশ জানান, গ্রেটার রোড এলাকায় ড্রেন নির্মাণের পর দীর্ঘদিন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বিষয়টি প্রশাসকের নজরে আনার পর দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ড্রেন পরিষ্কার কার্যক্রমে রাসিকের পরিচ্ছন্নতা কর্মীরা সরাসরি অংশ নেন। এ সময় রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং-মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতু ও পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) আশরাফুজ্জামান সজিবসহ পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।











