ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

পুঠিয়ায় ১২ উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 9:59 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলায় গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ১২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক ভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, জিউপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রোকনুজ্জামান রিকো মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতে যে দুর্ভোগ ছিল, তা লাঘব এবং নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করতেই এসব সড়ক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের অংশ হিসেবেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।