রুয়েটের নতুন প্রো-ভিসি পদে যোগ দিলেন ড. আখতার
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে আনুষ্ঠানিক যোগদান করেছেন পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
মঙ্গলবার সকালে তিনি রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর যোগদানপত্র দাখিল করেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে নতুন প্রো-ভিসিকে রুয়েট পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপাচার্য। অনুষ্ঠানে পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











