ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:42 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী ওই শিক্ষার্থীকে সহকারী শিক্ষক রবিউল ইসলাম বিভিন্ন অজুহাতে কয়েকদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করেন। ভয়ে শিক্ষার্থী বিষয়টি প্রথমে পরিবারের কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে এবং শরীরের বিভিন্ন স্থানে কালচে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন শিক্ষার্থী জানায়, একটি অঙ্ক না পারলেই শিক্ষক তাকে একই স্থানে বারবার আঘাত করতেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুর রউফ বলেন, আমার মেয়েকে এমনভাবে মারা হয়েছে যে তার শরীরে কালচে দাগ পড়ে গেছে। প্রথমে প্রধান শিক্ষকের কাছে বিচার চাইলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঘটনাটি তেমন কিছু নয়, এটি ভুল বোঝাবুঝি। আওয়ামী লীগের কিছু লোক বিষয়টি উসকে দিচ্ছে। বিদ্যালয়ের দাতা সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল হোসেন বিষয়টি মীমাংসা করেছেন। এরপরও কেন সাংবাদিক আসবে তা আমি বুঝতে পারছি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।