ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দাবি করেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে গত ১৩ জুলাই দেশের যেসব অঞ্চলের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে প্রশ্নপত্র পুনর্বিবেচনা করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনে অংশ নেওয়া সাকিব নামের এক শিক্ষার্থী বলেন, আমরা রাজশাহীতে থাকায় হয়তো বন্যা ও দুর্যোগের ভয়াবহতা সরাসরি অনুভব করতে পারছি না। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের ভাই-বোনদের কষ্ট দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা হতাশ। আমরা এমন একজন শিক্ষামন্ত্রী চাই, যিনি শিক্ষার্থীদের দুর্ভোগ ও বাস্তবতা উপলব্ধি করবেন।

আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সজিব জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শিক্ষা বোর্ড থেকে জিরো পয়েন্টে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তিনি আরও বলেন, ‘আমরা বন্যাকবলিত শিক্ষার্থীদের পাশে আছি। একই সঙ্গে এই আন্দোলন যেন কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত না হতে পারে, সে বিষয়েও আমরা অত্যন্ত সতর্ক রয়েছি।’

শিক্ষামন্ত্রীকে প্রতিহতের হুঁশিয়ারি শিক্ষার্থীদের: এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নওগাঁয় জেলা শিক্ষা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ নিশ্চিতের দাবি জানান। অন্যথায়, আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগ দিতে আসলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।