ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মায় পানির ধারাবাহিক বৃদ্ধি: বন্যার আশঙ্কা নেই, সতর্ক চরাঞ্চলবাসী

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই।

রাজশাহী পাউবো সূত্র জানায়, জুনের শেষ সপ্তাহ থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। গত ৫ জুলাই সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৫৩ মিটার। মাঝে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পানি কিছুটা কমে ১০ দশমিক ৩৪ মিটারে নামলেও ১০ জুলাই থেকে তা আবারও বাড়তে থাকে।

গত রোববার (১২ জুলাই) সকালে পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৯০ মিটার, যা সোমবার সকালে পৌঁছায় ১১ দশমিক ০৮ মিটারে। সর্বশেষ মঙ্গলবার বিকেল ৩টায় টি-বাঁধ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪৮ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা শাখার উপ-সহকারী প্রকৌশলী আবু হুরায়রা জানান, উজানের ঢলের কারণে পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে।

রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানি বিপৎসীমার প্রায় ৬ দশমিক ৫৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আপাতত বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট নিচু চর ও নিম্নাঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। চর খিদিরপুরের বাসিন্দা ফারুক হোসেন জানান, চরের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের বাসিন্দা আহাদ বলেন, বর্ষায় পানি বাড়া স্বাভাবিক। পানি এখনও মূল বসতি থেকে দূরে থাকায় আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ২৯ নম্বর ওয়ার্ডের গাবতলী পাটুলিঘাটের নৌকার মাঝি জিয়া এবং চর খানপুর এলাকার বাসিন্দা ইমরান জানান, নতুন পানির সঙ্গে নদীতে প্রচুর কচুরিপানা ভেসে আসছে, যা মূলত উজানের ঢলেরই লক্ষণ।