ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ১০৮ মিলিমিটার ভারী বর্ষণ, সারা দেশে সতর্ক সংকেত

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী অঞ্চলসহ উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেড়েছে।

রাজশাহী আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত ৯টা থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ১০৮ মিলিমিটার ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে দেশের ৮টি বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১৮টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির এই তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।