ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১:২৯ পূর্বাহ্ন

পুরোনো বন্দোবস্তের কাছে মাথানত করব না: রাজশাহীতে সারজিস আলম

  • আপডেট: Friday, July 10, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা পুরোনো কোনো বন্দোবস্তের কাছে মাথানত করব না। জনগণের অধিকার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন।’

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপির স্থানীয় কিছু নেতার কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, খাল খননের নামে বিএনপির কিছু নেতা লুটপাট শুরু করেছে। এটি বিএনপির নতুন পলিসিতে পরিণত হয়েছে।’

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নিজের ও দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনি পরিবেশ প্রভাবিত করার চেষ্টা করে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এনসিপি নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

পথযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তি এনসিপির আহ্বায়ক মনিরা শারমিন।

এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ খান, নাটোর জেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নাফসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করা, গণসংযোগ বৃদ্ধি এবং সাধারণ জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।