মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার কামারকুড়ি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২) ও দেলোয়ার হোসেন (৩৮)।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিউর রহমান গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই জমিতে রোপণ করা গাছ কে বা কারা কেটে ফেলেছে, তা আমি জানি না। ওই জমি নিয়ে নওগাঁ আমলি আদালতে মামলাও চলছে। আমরা কোনো গাছ কাটিনি।’
অভিযোগের বিষয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’











