ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

চাঁদাবাজির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল নেতাদের নামে মামলা

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় শাহীন আলী নামের এক কলেজ ছাত্রকে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ছাত্রদল নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শাহীন রাজশাহী কলেজের ছাত্র এবং রাজশাহী রুকইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক।

মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (৩ জুলাই) শাহ মাখদুম থানা মোড়ে এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদল নেতাকর্মীদের চাঁদাবাজি করতে দেখে শাহীন প্রতিবাদ ও ভিডিও করার চেষ্টা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁর মোবাইল ফোন ভেঙে ফেলে এবং কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার (৭ জুলাই) শাহ মাখদুম থানায় মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং-০৫)।

মামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাকিল মন্ডল (আহাদ), যুবদল কর্মী মো. পলাশ, ছাত্রদল কর্মী মো. আজিজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

শাহ মাখদুম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলীম জানান, প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়ায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।