ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির পৃথক অভিযানে ৩ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:32 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম গাঁজা, ৩৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। আরএমপির মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) এবং কর্ণহার থানা পুলিশ গত কয়েক দিনে এই অভিযানগুলো পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আরএমপির কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল ডাঙ্গেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শরিষাকুড়ি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মো: রাজু (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় আরেকটি সফল অভিযান পরিচালনা করে। সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে পরিচালিত এই অভিযানে ওই এলাকার মো: আসলামের ছেলে মো: রব ওরফে রবিন (৩৫) এবং মৃত ইনারুল ইসলামের ছেলে মো: ইমন ইসলাম সবুজ (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪২০ টাকা জব্দ করা হয়। একই অভিযানে সবুজের হেফাজত থেকে ৪৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৪৫ টাকা জব্দ করা হয়।

পুলিশের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে জানা যায়, গ্রেপ্তারকৃত রবিন ও সবুজ ওই এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি। এর মধ্যে রবিনের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১৩টি এবং বোয়ালিয়া থানায় ১টিসহ মোট ১৪টি মাদক মামলার রেকর্ড রয়েছে।

এছাড়া সবুজের বিরুদ্ধেও রাজপাড়া থানায় পূর্বের ৪টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।