ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

আট ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দেব চন্দ্র দাস চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার দেব চন্দ্র দাস প্রতিবেশী শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় চারঘাট থানায় মামলা দায়েরের পর র‌্যাব সাঁড়াশি অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর মতিহার থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে  বৃহস্পতিবার শিশুটির মেডিকেল পরীক্ষা শেষে তাকে আদালতে নিয়ে জবানবন্দি রেকর্ড শেষে মামলার বাদি ভিকটিমের পিতার জিম্মায় দেয়া হয়েছে।