দগ্ধ শ্রমিক রাকিবের চিকিৎসায় পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
সোনালী ডেস্ক: গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া পিরোজপুরের মঠবাড়িয়ার গাছকাটা শ্রমিক রাকিব হোসেনের (২৫) পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। অভাবের সংসারে চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ হয়ে রাকিবের বাবা হোটেল শ্রমিক আব্দুর রহিম ফেসবুকে একটি সাহায্য চেয়ে পোস্ট করলে বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে আসে।
গত রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাকিবের পরিবারের হাতে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদান তুলে দেয়া হয়। আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের নির্দেশনায় প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর আমীর হোসেন মিয়াঁ এই সহায়তা হস্তান্তর করেন।
রাকিবের বাবা আব্দুর রহিম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থাভাবে ঢাকায় ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছিল, এই সহায়তা তাদের বড় বাঁচা বাঁচিয়েছে। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়াঁ জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান স্যারের তাৎক্ষণিক নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।











