ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাই সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

  • আপডেট: Saturday, July 4, 2026 - 10:28 pm

পাহারায় বিজিবির সঙ্গে গ্রামবাসী:

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নামোচাকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ-এর ফ্লাডলাইট বন্ধ করে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ঘটনার পর সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। পাহারায় গ্রামবাসীও বিজিবির পাশে দাঁড়িয়েছে। গতকাল শনিবার সকালে পুশইনকৃত ব্যক্তিদের ভারতের সীমান্তে দেখা যায়নি।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গত শুক্রবার রাতে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপির বিপরীতে প্রতিপক্ষ ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বাধীন মল্লিক সুলতানপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া নামক স্থান দিয়ে বিএসএফ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ১২ জন কথিত বাংলাদেশিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি।

বিজিবির অধিনায়ক জানান, বর্তমানে শূন্য লাইন হতে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া নামক স্থানে ১২ জন অবস্থান করার পর গতকাল শনিবার ভোর সাড়ে ৪ টার সময় বিএসএফ তাদের নিজস্ব যানবাহনের মাধ্যমে মালদা হোল্ডার সেন্টারে উদ্দেশে নিয়ে যায়। অধিনায়ক আরো জানান, বর্তমানে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে, এখন বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছেন। এ নিয়ে চলতি সময়ে পঞ্চমবারের মতো একই ধরনের পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এর আগে গত মাসে শিবগঞ্জ উপজেলার বাঙাবাড়ি, রোকনপুর ও চৌকা সীমান্ত দিয়ে চার দফায় মোট ৬৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই বিজিবির দৃঢ় অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তে এমন পরিস্থিতি তৈরি হলেই তারা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাশে গিয়ে দাঁড়ান। তাদের দাবি, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় বিজিবিকে সহযোগিতা করবেন। তবে বারবার এ ধরনের ঘটনার কারণে সীমান্ত এলাকায় উদ্বেগও বাড়ছে বলে জানিয়েছেন তারা।